কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
হাজার মাইল পাড়ি দিয়ে প্রেমের টানে এক চীনা নাগরিক এখন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিয়ারা গ্রামে অবস্থান করছেন। বিয়ে করেছেন এই গ্রামের অন্তরা খাতুন (২৭) নামের এক মেয়েকে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিয়ারা গ্রামে গিয়ে কথা হয় অন্তরা আর চেংনাং এর সাথে।
এ সময় অন্তরা জানান, কয়েক বছর আগে বাবা মার পছন্দের ছেলের সাথে তার বিয়ে হয়। সেইঘরে তার নয় বছর বয়সী একটি কন্যা রয়েছে। এরইমধ্যে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়ে যায়। পরে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ নেন।
চারমাস পূর্বে তিনি সন্তানকে নিয়ে গাজীপুরের একটি রেস্টুরেন্টে যান। সেখানে দেখা হয় চীনা নাগরিক চেংনাং এর সাথে। এ সময় অন্তরাকে দেখে চেংনাং এর ভালো লাগে। দুজন সামাজিক মাধ্যমে ফেসবুকে বন্ধু হন এবং মোবাইল ফোন নম্বর বিনিময় করেন।এরপর থেকে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। দুই পরিবারের সম্মতিতে গত ২২ নভেম্বর গাজীপুর কোর্টে গিয়ে হলফনামার মাধ্যমে চেংনাং ইসলাম ধর্ম গ্রহণ করে অন্তরাকে বিয়ে করেন। এরপর গত শনিবার স্বামীকে নিয়ে অন্তরা বাবার বাড়ি কাজিপুরের বিয়ারা গ্রামে আসেন।
অন্তরার বাবা জানান, মেয়ের পছন্দের এই বিয়েতে আমি রাজী হয়েছি। এখন মেয়ে জামাই আমার বাড়িতে আছে।
অন্তরা জানান, চেংনাং এখন বাংলা শিখছেন। আর তিনিও চায়না ভাষা শেখার চেষ্টা করছেন। তবে কথাবার্তা এখনো ট্রান্সলেট করে আদান প্রদান করেন।
নিজের অনুভূতির কথা জানতে চাইলে চেংনাং বলেন, ‘আমার বাড়ি চীনের হুনান প্রদেশে। অন্তরাকে দেখে আমার ভালো লাগে। আমরা দুজন কথাবার্তা বলি। একসাথে অনেক সময় কাটাই। এরপর বিয়ে করি। শিগগিরই স্ত্রীকে নিয়ে দেশে যাব।
Leave a Reply