নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ত্রয়োদশ জাতীয় সংসদের উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন। বগুড়া-৬ সদর আসনের এই নির্বাচনে তিনি ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। রেজাউল করিম বাদশা ৭৬ হাজার ৩১১ ভোটে বিজয়ী হলেন। অপর প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে পেয়েছেন ৪৯২ ভোট। একই সাথে তিনি জামানতও হারিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯৩ হাজার ২৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে শতকরা ৪২.৫৭ শতাংশ। বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা মোট সংগ্রহিত ভোটের ৬৮.৯১ শতাংশ ভোট পেয়েছেন। অপর দিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সেহেল পেয়েছেন ২৯.৪৩ শতাংশ ভোট। গৃহিত ১ লাখ ৯৩ হাজার ২৯৯ ভোটের মধ্যে ২৬৮৮ টি ভোট বাতিল হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট। সেই নির্বাচনে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকী তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন ছাড়াও ঢাকা -১৭ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা-১৭ আসনটি থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন এবং বগুড়ার আসনটি ছেড়ে দেন। শূণ্য আসনে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা নির্বাচিত হলেন।
এই নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে তিনি পর পর দুটি নির্বাচনে বিজয়ী হলেন। এর আগে তিনি ২০২১ সালে বগুড়া পৌরসভার মেয়রপদে নির্বাচিত হয়েছিলেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার ৭টি সংসদীয় আসন থেকেই বিএনপির প্রার্থীরা নির্বাচিত হলেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই নেতা বগুড়ার উন্নয়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply