নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বহুল আলোচিত শিশু রিফাত (৮) অপহরণ ও হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে রবিবার (২১ জুন) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। স্বাধীনতা পরবর্তী বগুড়ার আদালতে এটিই প্রথম একসঙ্গে ৫ জনের মৃত্যুদণ্ডের রায় বলে জানা গেছে।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জন ছাড়াও মামলার অন্য ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। চাঞ্চল্যকর এই রায়ের পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার স্বস্তি প্রকাশ করেছে।
২০১৮ সালের ১৫ জুলাই ফুটবল বিশ্বকাপ ফাইনাল চলাকালীন সময়ে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস বাজারের ব্যবসায়ী ও সাবেক কুয়েত প্রবাসী এনামুল হকের শিশুপুত্র রিফাত নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। পরদিন ১৬ জুলাই সকালে রিফাতের বাবার মোবাইলে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মোবাইল ট্র্যাকিং ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বেশ কয়েকজনকে আটক করে। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি অস্বীকার করে।
অবশেষে ১৮ জুলাই সকালে শাজাহানপুরের পোয়ালগাছা এলাকায় ভদ্রাবতী-স্রাবতী নদীর সিংহবাড়ি ব্রিজের নিচ থেকে রিফাতের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই রিফাতের বাবা এনামুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তাদের মতে, এই রায় সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার করবে।
Leave a Reply