নিজস্ব প্রতিবেদক
সম্পত্তি আত্মসাতের চেষ্টা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মারিয়া মাহফুজ নামের এক নারী। তিনি শহরের মালতিনগর পাইকারপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত এস.এম. মাহফুজুল আলম ডনের কন্যা।
সংবাদ সম্মেলনে মারিয়া অভিযোগ করেন, তার বাবা মৃত্যুবরণ করার পর পরিবারের ভেতরে সম্পত্তি নিয়ে বিরোধ শুরু হয়। বিশেষ করে তার বাবার চাচাতো ভাইয়েরা জোরপূর্বকভাবে সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ প্রেক্ষিতে ২০০৭ সালে তার বাবা মারা যাওয়ার পর পরিবারে একের পর এক আইনি জটিলতা শুরু হয়।
তিনি জানান, তার দাদা ছিলেন এক ছেলে ও এক মেয়ের পিতা। তার বাবার মৃত্যুর পর দাদার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে জটিলতা তৈরি হয়।
২০১৪ সালে পারিবারিক সমস্যার কারণে কিছু সম্পত্তি বিক্রির উদ্যোগ নেওয়া হলে মুন নামের একজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সম্পত্তির একক মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করে।
এর পর থেকেই চলতে থাকে একের পর এক হয়রানি। তিনি জানান, তার পরিবারের বিরুদ্ধে জাল কাগজপত্র, জাল সাক্ষর, মিথ্যা পরিচয় এবং জাল ওয়ারিশ সনদ তৈরি করে একাধিক মামলা দেওয়া হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
মারিয়ার অভিযোগ, মামলাগুলোর রায় এখন পর্যন্ত তাদের পক্ষে গেলেও, প্রতিপক্ষের চক্রান্ত থেমে নেই। তারা ভুয়া পরিচয় ব্যবহার করে পুলিশের সহায়তায় তাদের সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ এবং হয়রানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় প্রতিপক্ষরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা ভূমি অফিস, পৌরসভা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছে।
সংবাদ সম্মেলনে মারিয়া মাহফুজ নিজের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply