বগুড়াপোস্ট ডেস্ক
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। সোমবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ সতর্কবার্তা জানান।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও সুস্পষ্ট আকার ধারণ করেছে। বর্তমানে এটি পশ্চিমমধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ–দক্ষিণ ওড়িষ্যা উপকূল এলাকায় সক্রিয় রয়েছে।
বিভাগটি জানায়, লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে। ফলে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply