বগুড়াপোস্ট ডেস্ক
প্রধান উপদেষ্টার বিশেষ দূত ও এলডিসি উত্তরণ গ্র্যাজুয়েশন বিষয়ক কমিটির প্রধান ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কারণে বড় ধরনের কোনো সমস্যা হবে না।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ড. আনিসুজ্জামান বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। করোনা না হলে ২০২৪ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটতো। এলডিসি উত্তরণে কোনো বাধা নেই। নীতিমালার মধ্যে কাজ করা হবে এবং সম্ভাব্য সমস্যার প্রস্তুতি ও সমাধান করা হবে।
বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সুবিধা উন্নত দেশগুলো বহাল রাখবে জানিয়ে তিনি আরো বলেন, যে সমস্ত সুযোগ আমরা পাচ্ছি তার মধ্যে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধাসহ অনেক কিছুই বন্ধ হবে না। এর মধ্যে অনেক দেশেই অফার করছে নানা ধরনের সুবিধা দেওয়ার জন্য। তাই এলডিসি উত্তরণে আমাদের বাঁধা নেই।
এ সময় ভিক্ষার মেন্টালিটি থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেন, ভিক্ষার মেন্টালিটি থেকে বের হতে হবে। আমরা এখন আর বিশ্বদরবারে চাইবো না বরং দেবো।
ব্রিফিংয়ে এলডিসি উত্তরণে পুরো স্পিড নিয়ে এগোনোর পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিংয়ের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি আরো বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা চলছে। তার মধ্যে ভারত ও পাকিস্তান আছে। আর উত্তরবঙ্গে নেপালের জন্য ইকোনোমিক জোনও তৈরি করা হবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।
Leave a Reply