বগুড়ায় বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৫৭ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেছেন নিহত বিএনপি নেতা জিল্লুর রহমান সরদারের স্ত্রী খাদিজা। মামলায় ১৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার নামে বগুড়ায় ৫ টি মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে নিহত জিল্লুর রহমান সরদারের স্ত্রী এ হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায়
উল্লেখযোগ্য আসামিদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আসাদুজ্জামান কামাল, সাবেক আই জি পি আব্দুল্লাহ আল মামুন, কাহার আকন্দ, সাবেক মন্ত্রী পলক, হাসানুল হক ইনু, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ, অপু উকিল, এস এম কামাল, শামীম ওসমান, নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, গাবতলী-৭ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সহ সভাপতি টি জামান নিকেতা, সাবেক স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলু রয়েছেন। এছাড়াও বাকি আসামিদের অধিকাংশ বগুড়া ও গাবতলী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গত ৪ আগষ্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জিল্লুর রহমান সরদার।
উল্লেখ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও ৪টি মামলা করা হয়। এর মধ্যে ৩টি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলা।
Leave a Reply