বগুড়ার কাহালুতে বাসায় ঢুকে এক চাতাল ব্যবসায়ী ইট ভাটা মালিক ও তার পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ডাকাতদল নগদ ৮০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এঘটনায় কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত ২১ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল নামুজা সড়কের পাশে বিশিষ্ট চাতাল ব্যবসায়ী ও ইটভাটা মালিক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম সাজুর চাতাল সংলগ্ন হাজী সাজু কটেজে বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার গভীর রাতে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ব্যবসায়ী সাজুর দ্বিতল বাসার দুটি জানালার গ্রীল কেটে বাসায় ঢুকে সাজু সহ তার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে প্রায় ঘন্টা ব্যাপী ডাকাতিকার্য চালায়। এসময় তারা নগদ ৮০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে থানা পুলিশের কাছে মামলা না করার হুমকী দিয়ে নির্বিঘ্নে বাসা থেকে চলে যায় বলে জানান ব্যবসায়ী সাজু। পরে ডাকাতির ঘটনা পুলিশকে অবহিত করলে কাহালু থানা পুলিশ ঐ রাতেই সাজুর বাসায় পৌছে খোঁজ খবর নেন। এদিকে ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম সাজু জানান, ঐ রাতে ডাকাতদল আমার বাসার জানালার গ্রীল কেটে বাসায় ঢুকে আমাকে ও আমার স্ত্রী মেয়েকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এঘটনা কাহালু থানায় মামলার প্রস্ততি চলছে।
কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান জানান,ডাকাতির ঘটনা শুনেছি এখনো কেউ মামলা করতে আসনি। মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply