নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনটে ক্যাসিনো ব্যবসায় চাঁদাবাজি ও অপহরণ করতে এসে রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তাদের নিকট হতে দুই লক্ষ টাকা, ১ টি ওয়াকিটকি, ১ টি হ্যান্ডকাফ, ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম নামকস্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতদেরকে ধুনট থানায় পাঠানো হয়েছে। বগুড়া শেরপুর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী ডিবিতে কর্মরত এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম (বিপি-৮৫০৮১২৩৪১২), কনস্টেবল রিপন মিয়া (বিপি-৯৫১৫১৭৮৭৮৭), আবুল কালাম আজাদ (বিপি-৯৬১৫১৭৪৯০১), মোঃ মাহবুর আলম (বিপি-৯৩১১১৪২০০৩), মো: বাশির আলী (বিপি-৯৩১২১৪৯০২২), ও সিভিল ড্রাইভার মোঃ মেহেদী হাসান।
জানা যায়, ধুনট থানার দিগলকান্দি এলাকার রাব্বি (১৯) ও জাহাঙ্গীর(২৪) নামক দুইজনকে আটক করে। এসময় নিজেদের ডিবি পরিচয় দিয়ে রাব্বি ও জাহাঙ্গীর এর সাথে সমঝোতার মাধ্যমে দুই লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরবর্তীতে বিষয়টি রাব্বি ও জাহাঙ্গীরের পরিবার তাদের আত্মীয়-স্বজনদের জানায়। অতঃপর এসআই শাহিনের নেতৃত্বে ডিবি টিমটি পালানোর সময় বর্ণিত স্থানে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এর টহল দলের ইনচার্জ সার্জেন্ট মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্স ও অন্যান্য অফিসারের সহায়তায় তাদেরকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে, আরএমপি ডিবিতে কর্মরত কনস্টেবল ওহাব তাদের এই টিম কে জানান যে, তার বাড়ি ধুনট থানায় এবং তার বাড়ির পাশে রাব্বি ও জাহাঙ্গীর ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। উক্ত সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষকে অবহিত না করে অনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে উক্ত কার্যক্রম করেন। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে এ সময় তাদের নিকট হতে দুই লক্ষ টাকা, ১ টি ওয়াকিটকি, ১ টি হ্যান্ডকাফ, ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করা হবে। তারপর তাদেরকে বগুড়া আদালতে হাজির করা হবে।
Leave a Reply