নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর ও ককটেল নিক্ষেপের ঘটনায় স্থানীয় দুই এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বসহ মোট ৮২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি বগুড়া জেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক রহিমা খাতুন বৃহস্পতিবার (১৫ আগস্ট) বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ্ মামলাটি রেকর্ড করার কথা জানিয়ে বলেন, মামলার এজাহার নামীয় একজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে যে ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের অন্যতম হলেন: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, দলটির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সভপতি সাজেদুর রহমান সাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম।
বিএনপি নেত্রী রহিমা খাতুন তার দাখিল করা এজাহারে অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে গত ১৬ জুলাই সন্ধ্যা পৌণে ৭টার দিকে শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালান। হামলাকারীরা ও্ই কার্যালয়ের তালা ভেঙ্গে চেয়ার টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে।এক পর্যায়ে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু জানান, ওই একইদিন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের টেম্পল রোডে শহর বিএনপি ও শ্রমিক দলের কার্ালয়ও ভাংচুর করেছে। ওই দু’টি কার্যালয়ে হামলার ঘটনায়ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ্ জানান, মামলায় এখন পর্যন্ত আব্দুল লতিফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।
Leave a Reply