বগুড়ার শিবগঞ্জের এক বিএনপি নেতা শাহ আলম সুজাকে অপহরণের পর হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা, ভাগ্নে রেদোয়ান মুজিব সিদ্দিকী, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, সাংবাদিক নাইমুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারাজানা রূপা ও বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি নেতা শরিফুল ইসলাম জিন্নাসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব বাদী হয়ে বৃহস্পতিবার জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মামলার আরজি এজাহার হিসেবে গ্রহণ করতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদী মামলার আরজিতে অভিযোগ করেছেন, শাহ্ আলম সুজা শিবগঞ্জ উপজেলার ময়দানাহাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন। তিনি রাজনৈতিক কারণে সরকারের সমালোচনা করতেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ এবং উল্লেখিত সাংবাদিকদের নির্দেশে অন্য আসামীরা বিএনপি নেতা শাহ্ আলম সুজাকে প্রায় সাড়ে ৬ বছর আগে ২০১৮ সালের ২৬ জানুয়ারি অপহরণ করা হয়। তার ৭দিন পর ২ ফেব্রুয়ারি পাশের জেলা নওগাঁ’র রাণীনগর এলাকা থেকে বিএনপি নেতা শাহ্ আলম সুজা’র অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর শাহ্ আলম সুজার পরিবারের পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হলেও পুলিশ তা নেয়নি। এমনকি মামলা করলে তার পরিবারের সদস্যদের মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়।
মামলায় সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নার ছেলে হুসাইন শরিফ সঞ্চয়, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ বিপুল ও রেজ্জাকুর ইসলাম রাজুসহ কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীকেও আসামী করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ধরনের মামলার কপি পায়নি। কপি পেলে যথাযথ ভাবে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
উল্লেখ, এর আগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি হত্যা এবং একটি হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply