গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি চলন্ত পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে গরু নিয়ে আসা একটি পিকআপ ভ্যান ঢাকায় গরু নামিয়ে দিয়ে যাত্রী নিয়ে ফের রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে পিকআপটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় হঠাৎ পিকআপের ইঞ্জিনে আগুন ধরে যায়। পেছনে থাকা যাত্রী, ট্রাকের চালক ও সহযোগীরা দ্রুত নেমে গিয়ে প্রাণে বেঁচে যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে মহাসড়কে স্থাপন করা ভূগর্ভস্থ গ্যাসের লিকেজ থেকে পিকআপের নিচে আগুন ধরে যায়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
Leave a Reply