বগুড়াপোস্ট ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দিতে বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি মেডিকেল টিম (UK EMT)।
শনিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, ৯ সদস্যের এই মেডিকেল টিমে আছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ, নিবিড় পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাজীবীরা।
আগামী তিন সপ্তাহ তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের জন্য স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে জরুরি সেবা ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন।
এদিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, এই মর্মান্তিক ঘটনার শিকারদের প্রতি যুক্তরাজ্য সংহতি প্রকাশ করছে এবং সহযোগিতা করতে চায়। যুক্তরাজ্যের মেডিকেল টিমের বিশেষায়িত চিকিৎসা আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা ও পুনর্বাসনে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply