বগুড়াপোস্ট ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেআইপিএফএল) সভাপতি তারো আসো।
বুধবার টোকিও’র ইম্পেরিয়াল হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা চারদিনের সরকারি সফরে জাপান পৌঁছান। সফরকালে তিনি নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
এর আগে, মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হংকংয়ে যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা।
জানা গেছে, প্রধান উপদেষ্টা নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরকালে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করারও পরিকল্পনা রয়েছে ড. ইউনূসের। সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply