বগুড়াপোস্ট ডেস্ক
এসএসএফের আধুনিকায়ন চলছে: প্রধান উপদেষ্টা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামের আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে নিরাপত্তা হুমকির ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ প্রেক্ষাপটে এসএসএফ উন্নত প্রশিক্ষণ ও অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়িয়ে একটি আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠছে।
বুধবার (১৮ জুন) সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, গত ৫ আগস্ট এসএসএফের কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হলেও তা দ্রুত সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। পাশাপাশি বাহিনীর অভিযানিক কার্যক্রম বেগবান ও কার্যকর করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জাম যুক্ত করা হচ্ছে। খুব শিগগিরই ১২ বছরের পুরোনো ভিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেমের পরিবর্তে ইউএইচএফ প্রযুক্তির নতুন সিস্টেম চালু হবে, যা বাহিনীর কার্যক্ষমতা বাড়াবে।
তিনি আরো বলেন, এসএসএফের অত্যাধুনিক ইনডোর ফ্লাইট ফায়ারিং রেঞ্জ আগামী মাস থেকেই ব্যবহারের উপযোগী হবে। এই ফায়ারিং রেঞ্জের জন্য ভূমি বরাদ্দসহ সহযোগিতার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই।
প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার প্রয়োজনে এসএসএফকে মাঝে মাঝে কিছু বিধিনিষেধ আরোপ করতে হয়, যা জনভোগান্তির কারণ হতে পারে। তবে এসএসএফকে জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে কাজ করতে হবে। এরই অংশ হিসেবে ভিআইপি ফ্লাইটের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন বন্ধ রাখার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
তিনি বলেন, এসএসএফ সদস্যদের শুধু পেশাগত দক্ষতা নয়, মানবিক গুণাবলী, সততা, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, সুযোগ্য নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা, উন্নত প্রশিক্ষণ এবং আন্তরিকতার মাধ্যমে এসএসএফ ভবিষ্যতে আরো আধুনিক, দক্ষ এবং বিশ্বমানের নিরাপত্তা বাহিনী হিসেবে গড়ে উঠবে।
তিনি এসএসএফ সদস্য এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।
Leave a Reply