বগুড়াপোস্ট ডেস্ক
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার ইসি সচিবালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে তালিকার ১০২ নম্বরে প্রতীকটি সংযোজনের বিষয়টি জানানো হয়।
রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কোনো রাজনৈতিক দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামতের প্রেক্ষিতে কমিশন ‘শাপলা কলি’ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, আগের তালিকার ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন তালিকায় ১১৯টি প্রতীক রাখা হয়েছে। এর মধ্যে কমিশন মনে করেছে ‘শাপলা কলি’ সংযোজন করা যেতে পারে।
এর বাইরে ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে ভোটকেন্দ্র স্থাপন ও অবকাঠামো সংস্কারের কাজ শুরু হবে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করা হচ্ছে, যেখানে বিভিন্ন স্কুল–কলেজ ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে।
আখতার আহমেদ বলেন, দেশে বর্তমানে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে।
দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে তিনি জানান, ঐসব এলাকায় সরঞ্জাম পরিবহণে হেলিকপ্টার সার্ভিস ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বিমানবাহিনী বা সেনাবাহিনী এ সহায়তা দেবে, আর হেলিপ্যাড নির্ধারণের দায়িত্ব পালন করবে উপজেলা প্রশাসন।
নির্বাচনি প্রচার প্রচারণায় তথ্য মন্ত্রণালয় নেতৃত্ব দেবে জানিয়ে তিনি বলেন, প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন, বেতার, সংসদ টিভি ও বিটিভি নিউজ দায়িত্ব পালন করবে।
ঋণখেলাপিদের বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আখতার আহমেদ। তার ভাষায়, বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় ও মাঠ প্রশাসনকে তফসিল ঘোষণার শুরু থেকেই নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ভোটের সময় যেন পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা না পড়ে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান ইসি সচিব।
Leave a Reply