নিজস্ব প্রতিবেদক
ঈদের আগেই যেন আরেকটি ঈদের আনন্দ নেমে এসেছে বগুড়ার অনেক নিম্নআয়ের পরিবারের ঘরে। নতুন চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সরাসরি আড়াই হাজার টাকা পেয়ে খুশিতে ভাসছেন উপকারভোগীরা।
বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সহায়তায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই কর্মসূচি। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে বগুড়াসহ দেশের কয়েকটি জেলায় একযোগে কার্যক্রম শুরু হয়।
বগুড়ায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। উদ্বোধনের দিনেই উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা জমা হওয়ায় অনেকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
নিম্নআয়ের মানুষের মধ্যে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। ঈদের আগ মুহূর্তে হঠাৎ করে হাতে নগদ অর্থ পাওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
কয়েকজন সুবিধাভোগী জানান, এই অর্থ দিয়ে কেউ জরুরি ওষুধ কিনবেন, কেউ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাবেন, আবার কেউ সামান্য হলেও কিছু টাকা সঞ্চয় করার পরিকল্পনা করছেন।
সরকারি তথ্য অনুযায়ী, স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে এই সহায়তার জন্য নির্বাচন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি মোবাইল অ্যাকাউন্টে অর্থ পাঠানোয় কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বর্তমানে এই কর্মসূচি পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত কমিটি মাঠ পর্যায়ে যাচাই করে প্রকৃত দুস্থদের তালিকা চূড়ান্ত করেছে। বগুড়ায় এই কর্মসূচির আওতায় ৫৪৪টি পরিবার আর্থিক সহায়তা পাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দরিদ্র পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পাওয়া এই আর্থিক সহায়তা অনেক পরিবারের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।
সরকার জানিয়েছে, পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে ভবিষ্যতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে, যাতে দেশের আরও বেশি অসহায় ও নিম্নআয়ের মানুষ সরাসরি সরকারি সহায়তা পেতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
এসময় তিনি বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের জন্য। ইতিমধ্যে সকালেই সবার মোবাইলে টাকা পৌঁছে গেছে। সবকিছু মিলিয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণ শুভ উদ্বোধন ঘোষণা করছি।
এসময় কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply