নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনটে ৫ লাখ টাকা ও স্বর্ণসহ ইতি খাতুন (২৫) নামের এক নববধূর বিরুদ্ধে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে। গত ৩১ আগস্ট দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের পশ্চিমপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে বিপ্লব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিপ্লব বাদী হয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পূর্বে একই উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের আশাদুল ইসলামের মেয়ে ইতি খাতুনের সঙ্গে বিপ্লব মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী ইতি খাতুন ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
বিপ্লব মিয়া জানান, গত ৩১ আগস্ট দুপুরের দিকে আমার অবর্তমানে পরিবারের অন্যান্য সদস্যদের আড়ালে আমার ঘরে ব্যবসার জন্য রাখা নগদ ৫ লাখ টাকা ও হাতের বালা, কানের দুলসহ ১ লাখ ২০ হাজার টাকার ১ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল এবং আমার নিজ নামীয় জাতীয় পরিচয়পত্রের মূল কার্ড নিয়ে আমার স্ত্রী ইতি খাতুন চলে যায়। পরবর্তীতে আমার স্ত্রীকে আমার শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করে কোথায় সন্ধান না পেয়ে আমার স্ত্রীকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
নিখোঁজ ইতি খাতুনের বাবার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ইতির সঙ্গে যোগাযোগ এবং তার অবস্থান শনাক্ত করা হচ্ছে।
Leave a Reply