নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় শনিবার (২৮ ডিসেম্বর) ট্রেনে কেটে এবং গাবতলীতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী ও কাহালু উপজেলায় বাবা- মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনের ধাক্কায় মো. ফরিদ নামে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হন। সকাল ১০টার দিকে নারুলী গণকবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ সারিয়াকান্দি উপজেলার মৃত সিরাজুলের ছেলে।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সান্তাহার থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সাবগ্রামের এক ব্যক্তি ওই মরদেহের পরিচয় শনাক্ত করেন। নিহতের স্বজনরা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
গাবতলী প্রতিনিধি জানান, গাবতলীতে বালুবোঝাই ট্রাক চাপায় রেশমী আকতার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার গাবতলী-সুখানপুকুর রাস্তার পোড়াপাড়া নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের মৃত নাছের আকন্দের ছেলে মাওলানা জোবায়েদ হোসেন লিটন (৪০)। শনিবার সকালে মোটরসাইকেল করে তার স্ত্রী রেশমী আকতারকে নিয়ে সুখানপুকুর হয়ে সারিয়াকান্দী নারচি গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের পোড়াপাড়া নামকস্থানে পৌঁছলে বালুবোঝাই একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় মারা যান রেশমী আকতার। খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে জব্দ করে থানা হেফাজতে নেয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিক ইকবাল বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাহালু প্রতিনিধি জানান, কাহালুতে ট্রাক চাপায় চার্জার ভ্যানেরচালক এবং বাবা-মেয়েসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া-সান্তাহার মহাসড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ডের পূর্বে বগুড়া বেতার কেন্দ্রের পাশে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ভ্যানচালক শাহিনুর রহমান (৪৫), একই উপজেলার মুরাইল ইউনিয়নের ভাগদুবড়া গ্রামের ভ্যান আরোহী মৃত রিয়াজুল ইসলামের ছেলে ফারুক (৪০) ও তার আট বছর বয়সী মেয়ে হুমায়আরা।
আহত হলেন, নিহত শিশুর মা জুলেখা (৩৫)। জানা গেছে, ফারুক ও তার স্ত্রী জুলেখা এবং মেয়ে হুমায়আরাকে সাথে নিয়ে কাহালু উপজেলা সদরে যাওয়ার পথে দরগাহাটে অবস্থিত বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্রের পাশে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোচার্জার ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ভ্যানচালক শাহিনুর ও ভ্যানে থাকা ফারুক, তার স্ত্রী জুলেখা ও মেয়ে হুমায়আরাসহ চারজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার স্টেশনের ইনাচার্জ মো. সবুজসহ স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত ফারুককে মৃত ঘোষণা করেন।
এরপর ফারুকের স্ত্রী জুলেখা, মেয়ে হুমায়আরা ও চালক শাহিনুর রহমানকে ওই হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১টার দিকে ভ্যানচালক শাহিনুর মারা যান। অপরদিকে শাহিনুরের মৃত্যুর কিছুক্ষণ পরই ফারুকের মেয়ে হুমায়আরা মারা যায়। বর্তমানে জুলেখা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান শাহিন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
Leave a Reply