বগুড়ায় সম্প্রতিক এক মাসে কারাগারে আটক ৪জন আওয়ামী লীগ নেতা অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মারা যাওয়া নেতাদের পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বগুড়া জেলার ১২টি থানায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নামে হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে অসংখ্য মামলা হয়। গ্রেপ্তার এড়াতে অধিকাংশ নেতা–কর্মী আত্মগোপনে চলে যান। এর মধ্যে গত তিন মাসে গ্রেপ্তার হন অর্ধশতাধিক নেতা–কর্মী। গত ১২ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত কারাবন্দীদের মধ্যে চারজন আওয়ামী লীগ নেতা অসুস্থ হয়ে মারা যান।
তাঁরা হচ্ছেন বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ আব্দুল লতিফ, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু এবং গাবতলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল মতিন মিঠু। নেতাদের পরিবারের অভিযোগ কারাগারে চিকিৎসাজনিত অবহেলা এবং অব্যবস্থাপনার কারণে তাঁদের মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়নি।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বলেন, নিহতরা বয়স্ক এবং তাঁরা কারাগারে আসার আগে থেকেই অসুস্থ ছিলেন। কারাগারে তাঁদের প্রতি বিন্দুমাত্র অবহেলা হয়নি। কারাগারের পরিবেশ আগের তুলনায় অনেক ভালো আছে।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘কারাগারে চারজনের মৃত্যুর কারণ সঠিক আমি জানি না, ময়নাতদন্ত রিপোর্ট পেলে কারণ জানা যাবে। তবে এক মাসে কারাবন্দী চারজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে আসামিদের মৃত্যু হয়, তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।
Leave a Reply