নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে দুর্বৃত্তরা এক বৃদ্ধ মুদি দোকানিকে নৃশংস ভাবে জবাই করে হত্যা করেছে। গত ২৯ সেপ্টেম্বর রোববার রাতে উপজেলার নারহট্র ইউনিয়নের লহরাপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ গ্রামের মৃত বশারত আলী খান এর ছেলে মোঃ আব্দুল বাছেত( ৬২) প্রতিদিনের ন্যায় বেচা কেনা শেষে নিজ দোকান ঘরে ঘুমিয়ে পড়ে। ৩০ সেপ্টেম্বর ভাের ৫টার দিকে ঐ গ্রামের টুকু মিয়া আব্দুল বাছেতের দোকানে সিগারেট কিনতে গেলে বাছেতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারকে জানায়। রাতের কোন একসময় দুর্বৃত্তরা তাকে ঐ দোকান ঘরে নৃশংস ভাবে জবাই করে হত্যা করে ফেলে যায়। তার গলায় ফাঁস দেয়া, দুই পায়ের রগ কাটা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাছেতের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় কাহালু – নন্দীগ্রাম থানার সার্কেল বগুড়ার সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে জিঙ্গাসাবাদের জন্য ঐ গ্রাম থেকে হাসান (৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। তদন্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে এখনো কেউ মামলা করতে থানায় আসেনি। উল্লেখ্য যে গত ৫ আগষ্ট মুদি দোকানি বাছেতের দোকানে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
Leave a Reply