বগুড়াপোস্ট ডেস্ক
মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এর অংশ হিসেবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাংলাদেশিদের বায়োমেট্রিক তথ্য জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত ‘মালে থেকে ঢাকা: বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ। সেখানকার সব বাংলাদেশিকে নিয়মিত করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বায়োমেট্রিক কার্যক্রমের মাধ্যমে অনিয়মিতদের বৈধতার আওতায় আনা হবে।
উল্লেখ্য, এর আগে ২৫ ফেব্রুয়ারি, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই বৈঠকে ড. ইউনূস মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি আরও বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধও তুলে ধরেন।
Leave a Reply