বগুড়াপোস্ট ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা পৃথক চার মামলায় এ রিমান্ড আবেদন করা হয়।
রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন-সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান।
শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক দশ দিন এবং জিয়াউল আহসান আট দিনের রিমান্ডে ছিলেন। এ মামলায় রিমান্ড শেষ হওয়ায় তাদের আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো পূর্বক দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে নিউমার্কেট থানা এলকায় ঢাকা কলেজের অনার্সের চতুর্থ বর্ষের ছাত্র সবুজ আলী হত্যা মামলায় তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য সাবেক সমাজকল্যান মন্ত্রী ডা.দীপু মনিকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply