নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় দোকান থেকে ১২ বস্তা সার জব্দ করা হয়।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার আরিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
সরকারি নির্ধারিত মূল্যে এক বস্তা টিএসপি সারের দাম ১,৩৫০ টাকা হলেও মেসার্স নুর কৃষি ভান্ডার নামক প্রতিষ্ঠানের মালিক কৃষকদের কাছ থেকে প্রতি বস্তা ১,৭৫০ টাকা করে প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি দামে বিক্রি করছিলেন। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালত তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং অনিয়মিতভাবে বিক্রয়ের জন্য রাখা ১২ বস্তা সার জব্দ করেন।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ বলেন, “কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
এ সময় প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজা। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন শাওন এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের দেওয়া ভর্তুকির সুবিধা তারা যেন ন্যায্যমূল্যে পান, সে ব্যাপারে নিয়মিত নজরদারি প্রয়োজন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply