বগুড়াপোস্ট ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১২ এপ্রিল) ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকার এ কর্মসূচি স্থান পেয়েছে। মার্কিন বার্তাসংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট এবং ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলসহ বিভিন্ন গণমাধ্যম এ কর্মসূচির খবর প্রকাশ করেছে।
বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে শনিবার বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন। এ দিন প্রায় এক লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছিলেন। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করে এবং ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
এই সংবাদের বরাতে খবর প্রচার করেছে খোদ ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এতে অংশগ্রহণ করেন প্রায় ১ লাখ মানুষ। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগান দেন।
এদিকে আরব নিউজের খবরে বলা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ। বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ ধারাটি পুনর্বহাল করার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় এক লাখ মানুষ ছিলেন। এতে বিএনপিসহ ইসলামী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েলবিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। কানাডার সিটিভি নিউজেও একই কথা বলা হয়েছে।
টরেন্টো স্টার নামের একটি গণমাধ্যমে ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ’ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এছাড়া আল-জাজিরা, ওয়াশিংটন পোস্ট, এমএসএন, স্টার ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply