নাটোর প্রতিনিধি
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে দুর্ঘটনায় নিহত আটজনের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার রফেজ উদ্দিনের স্ত্রী ইতি খাতুন (৪৩), একই থানার ধর্মদহ এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫), মৃহ জাহিদুলের স্ত্রী শেলি বেগম (৬০), মোহাম্মদ মোল্লার স্ত্রী আন্জুমান (৭৫), আন্না বেগম (৬০), সীমা, সাহাব ও মাইক্রোবাস চালক রুবেল হোসেন। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। হতাহতরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসে থাকা পাঁচজন। এ সময় আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দুজন।
বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০দিকে আইড়মারী এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনের মৃত্যু হয়। বাকি আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে অতিক্রম করছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে নারীসহ আটজন মারা যান।
হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, হতাহতরা মাইক্রোবাসের আরোহী ছিলেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও পালিয়েছেন চালক। ময়নাতদন্তের পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply