বগুড়াপোস্ট ডেস্ক
ডায়ালাইসিস সেবা সহজলভ্য করতে সোনার বাংলা ও গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকায় ডায়ালাইসিস নিশ্চিত করা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।
প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গত এক বছরে স্বাস্থ্য খাতের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে।
নুর জাহান বেগম বলেন, সরকারি চিকিৎসা কাঠামোয় দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে ৭ হাজার চিকিৎসকের জন্য সুপার নিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাসে ৩ হাজার নতুন চিকিৎসক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, নার্সদের মতো চিকিৎসকদের পোস্টিংও স্বয়ংক্রিয় পদ্ধতিতে (অটোমেশন) করা হবে এবং শূন্য পদে পদোন্নতির প্রক্রিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে।
ডায়ালাইসিস ও হৃদরোগ চিকিৎসা প্রসার
ডায়ালাইসিস সেবাকে জনগণের জন্য আরো সাশ্রয়ী করতে সোনার বাংলা ও গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগ নেয়া হচ্ছে। টার্গেট করা হয়েছে প্রতি সেশন ১২০০ টাকায় ডায়ালাইসিস সেবা প্রদান।
হৃদরোগ ইনস্টিটিউটে আগে এক শিফটে চিকিৎসাসেবা দেওয়া হতো, এখন দ্বিতীয় শিফট চালু হয়েছে। একইভাবে কুয়েত মৈত্রী হাসপাতালেও দ্বিতীয় শিফট চালু করা হয়েছে। ভবিষ্যতে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনাও চলছে।
আন্দোলনে আহতদের চিকিৎসা ও আন্তর্জাতিক সহযোগিতা
জুলাই মাসে গণআন্দোলনে আহতদের চিকিৎসা প্রসঙ্গে নুর জাহান বেগম বলেন, সরকার আহত ও নিহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। অনেক প্রাণ বাঁচাতে পেরেছি, আবার কিছু প্রাণ হারাতে হয়েছে, কারণ অনেক সময় আমরা দেরি হয়ে গিয়েছিল।
তিনি বলেন, আন্দোলনের সময় চিকিৎসকরা বিভক্ত ছিলেন; একদল চিকিৎসা দিয়েছেন জীবন ঝুঁকি নিয়ে, আবার কেউ কেউ বাধা দিয়েছেন। এই সংকট মোকাবিলায় সিঙ্গাপুর ছাড়া বিশ্বের ৬টি দেশ থেকে চিকিৎসকরা এসেছেন নিজের খরচে। নেপাল সরকার ৪০টি কর্নিয়া দান করেছে এবং ৭৮ জন আহতকে বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আরো ২৬ জন প্রক্রিয়াধীন।
এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসা প্রযুক্তি
সরকারের নিজস্ব কোনো এয়ার অ্যাম্বুলেন্স না থাকায় সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের সহায়তায় রোগী পরিবহন করা হয়েছে। আহতদের পুনর্বাসনে ব্যাংককে রোবটিকস ফিজিওথেরাপির ব্যবস্থা করা হয়েছে।
চীন সরকার ৬২টি চিকিৎসা সহায়ক রোবট দিয়েছে, যার মধ্যে ১৬টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন। ২৭ জনকে রোবট পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আরো ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মেডিকেল শিক্ষা ও নৈতিকতা
বর্তমানে দেশে ৩৭টি সরকারি এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সরকারি কলেজগুলোর জন্য অভিন্ন নীতিমালা তৈরি করে তা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিছু কলেজ মার্জ বা একীভূত করার চিন্তাও রয়েছে।
তিনি আরো জানান, যেসব বিভাগে শিক্ষার্থীদের আগ্রহ কম, সেসব বিভাগে বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং আরো ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি, মেডিকেল শিক্ষায় নৈতিকতা শিক্ষা বাধ্যতামূলক করতে একটি কমিটি গঠন এবং একটি নতুন পাঠ্যবই প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম, স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব সারওয়ার আলী, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন।
Leave a Reply