বগুড়াপোস্ট ডেস্ক
নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) সক্ষমতা বৃদ্ধির প্রকল্প দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)।
বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প দলিলে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বকারী অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন স্বাক্ষর করেন।
প্রকল্পের আওতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ নারী শান্তিরক্ষীদের জন্য তিনতলা (জি+২) বিশিষ্ট ডরমিটরি নির্মাণ করা হবে, যা ৬০ জন নারী শান্তিরক্ষীর জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
এই উদ্যোগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫, ১০, ১৬ ও ১৭-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিন বছর মেয়াদি প্রকল্পের বাজেট নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৯৭ হাজার মার্কিন ডলার।
ইআরডি সচিব বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লিঙ্গ সমতা ও নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণরত নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিত করা হবে, যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে সেনা সদরদফতর, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি), বিপসট, ইআরডি, অর্থ মন্ত্রণালয় এবং ইউএনওপিএস-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply