বগুড়ার আদমদীঘিতে কোরবানি গরু নিয়ে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে অহানা আবিদ দোহা (১৫) নামের এক স্কুল ছাত্রের প্রাণ গেছে। সোমবার (১৭ জুন) সকালে আদমদিঘী উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে বাবলা তলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত অহানা আবিদ দোহা (১৫) উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইদুজ্জামান তোতার ছেলে ও স্থানীয় সাংবাদিক হাফিজার রহমানের নাতি।
জানা যায়, সোমবার সকালে অহানা আবিদ দোহা পাশ্ববর্তী একটি খামারে কোরবানি দেওয়ার জন্য গরু নিতে যায়। গরু নিয়ে ভটভটির চালকের পাশে সিটে বসে সে বাড়িতে ফিরছিল। এসময় বগুড়া-নওগাঁ মহাসড়কে বাবলা তলা নামক স্থানে পৌঁছালে মোড় ঘুড়ানোর সময় ভটভটি উল্টে যায়। এতে করে গুরুতর আহত হয় অহানা আবিদ দোহা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের দাদা সাংবাদিক হাফিজার রহমান জানান, ওই খামার থেকে কোরবানি দেওয়ার জন্য গরু কিনে রাখা ছিলো। বলা ছিলো ঈদের দিন সকালে নিয়ে আসবো। আজ সোমবার সকালে আমার নাতি আবদার করছিলো সে গরু নিতে খামারে যাবে। গরু নিয়ে আসতে হয়তো গরুটি লাফালাফি করার জন্য এমন দুর্ঘটনা হয়েছে। এভাবে মৃত্যু হবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমার পরিবারে আজ ঈদের আনন্দের বদলে শোকের ছায়া নেমে এসেছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জেনেছি।
Leave a Reply