বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপায় টোল আদায় করতে গিয়ে আড়িয়াবাজার হাটের ইজারাদার ও যুবদল নেতা শাহাদত হোসেন (৪০)সহ তার তিন সহযোগীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশকে সংবাদ দিয়ে তাদেরকে থানায় হস্তান্তর করেছে এলাকাবাসী।
আহত অন্যরা হলেন—উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইলাম (৪৫), কাটাবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ওয়াহিদ কুরাইশি মুরাদ (৪৫) এবং বামুনিয়া তালপুকুর গ্রামের আনোয়ার হোসেন (৩০)। শাহাদাত আড়িয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আলু চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায় করতে প্রাইভেট কারযোগে কয়েকজন সহযোগীসহ মানিকদিপা বাজারে যান শাহাদত হোসেন। টোল আদায় নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী শাহাদত ও তার সহযোগীদের অবরুদ্ধ করে মারধর করেন এবং তার ব্যবহৃত প্রাইভেট কারটি ভাঙচুর করেন।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ ভাঙচুরকৃত প্রাইভেট কারটিও জব্দ করেছে। এ
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ইজারাদার ও যুবদল নেতা শাহাদত হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি।
Leave a Reply