বগুড়ার সোনাতলায় ভটভটি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ছোট্ট বালুয়া বোচারপুকুরে এ ঘটনা ঘটেছে। আহতদেরকে মুমুর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গোবিন্দগঞ্জ উপজেলার কলাকাটা হামচাপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২)।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার বেলা আনুমানিক সাড়ে ৪টার সময় উপজেলার বোচারপুকুর থেকে বালুয়াহাট গামী একটি পুরাতন লোহা টিন বোঝাই ভটভটি বালুয়াহাটের দিকে আসছিল। এ সময় একই দিক থেকে আসা একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো-ব-৩২৪১৭৭ ওই ভটভটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় ভটভটি চালক ওই প্রাইভেট কারের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে যাওয়ার সময় দুটি গাড়ির সংঘর্ষ বেঁধে যায়। এতে করে গাড়ি দুটি রাস্তার দু’পাশে ছিটকে পড়ে। এতে করে ভটভটি যাত্রী ভাংড়ী ব্যবসায়ী আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন প্রাইভেট কারযাত্রী বগুড়ার নইমউদ্দিন (৪২) ও সোনাতলা পৌর এলাকার কামারপাড়া এলাকার আসাদুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তাদের দু’জনের অবস্থা আশংকাজনক।
বিষয়ে স্থানীয় লোকজন জানান, একই দিক থেকে আসা লোহা লস্কর বোঝাই ভটভটি ও প্রাইভেট কার চালক পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় ভটভটির সামনের চাকা গাড়ি থেকে ছিটকে পড়ে যাওয়ায় ভটভটিটি প্রাইভেট কারের সামনে পড়ে। এ সময় দ্রুতগামী দুটি গাড়ির ধাক্কায় রাস্তার দু’পাশে দুটি গাড়ি ছিটকে পড়ে। আর এতে করেই ঘটনাস্থলেই ভটভটি যাত্রী আবুল কালাম আজাদ মারা যায়।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি মারা যায়। এছাড়াও আরও দুইটি ব্যক্তি গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ভটভটিটি পুলিশ আটক করেছে।
Leave a Reply