বগুড়ায় আইএফআইসি ব্যাংকে সিন্দুক ভেঙে ২৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করা হয়। অজ্ঞাতনামা আসামি করে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন । এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) শাহীনুজ্জামান।
এর আগে, বুধবার (১৩ জুন) গভীর রাতে শহরের মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় এ চুরির ঘটনা ঘটে৷
আইএফআইসি ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক তাজমিলুর রহমান জানান, দুই দুর্বৃত্ত গায়ে পলিথিন জড়িয়ে বুধবার রাত আড়াইটার দিকে দ্বিতল ভবনের টিনশেডের সিঁড়ির ঘরের ইট খুলে ভেতরে ঢুকে তালা ও ভল্ট ভেঙ্গে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে কর্মচারীরা শাখা খোলার পর চুরির বিষয়টি টের পান। পরে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা জানাজানি হওয়ার পর আইএফআইসি ব্যাংকের ওই উপ-শাখায় সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়। ফলে গ্রাহকরা ফিরে যাচ্ছিলেন।
Leave a Reply