বগুড়াপোস্ট ডেস্ক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত লেগেই আছে। কিন্তু আমরা চাই না এখানে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক। আমরা চাইব- তারা আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক।ভারত-পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাশ্মীর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, দক্ষিণ এশিয়ায় আমরা শান্তি চাই। আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুটি ভারত-পাকিস্তানের মধ্যে সমাধান হোক। দুটি বন্ধুপ্রতিম দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। তবে, আগবাড়িয়ে আমরা কোনো কিছু করার পক্ষে না।
তিনি আরো বলেন, এরই মধ্যে আমরা দেখেছি, দু-একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। যেভাবে হোক মধ্যস্থতার মাধ্যমে হোক, দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক।
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কি না– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আধুনিক জামানায় সব কিছু সবাইকে কমবেশি প্রভাবিত করে। কাজেই কোনো কিছু আমাদের একটুও প্রভাবিত করবে না, সেটা আমি বলি না। তাদের যেই সংঘাত সেটা আমাদের সরাসরি প্রভাবিত করার কিছু নেই।
Leave a Reply