বগুড়াপোস্ট ডেস্ক
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালনে নতুন দূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার ঢাকা, ওয়াশিংটন, জেনেভা ও অটোয়ার কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তিনি দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে আগামী সপ্তাহের শুরুতে দায়িত্ব নেবেন। এরই মধ্যে তার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার প্রস্তুতি চলছে।
ওয়াশিংটনে আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জেনেভায় জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে শ্রীলংকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন। এ ছাড়া কলকাতা এবং জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে তিনি চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে দায়িত্ব পালন করেছেন।
জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে বর্তমানে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে। তিনি জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জেনেভা, রোম ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং সুইজারল্যান্ডে প্রস্তাবিত নতুন রাষ্ট্রদূতদের এগ্রিমো পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতি পাওয়া গেলে দ্রুত তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি যুক্তরাষ্ট্রের আগে অস্ট্রিয়ার ভিয়েনা এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি রাষ্ট্রাচার প্রধানের দায়িত্ব পালন করেন।
সরকারের সাম্প্রতিক এই কূটনৈতিক পুনর্বিন্যাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব এবং বৈশ্বিক মিত্রদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply