নিজস্ব প্রতিবেদক
আগামী ১৭ থেকে ২৭ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ আর্চারিতে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান তীরন্দাজ বগুড়ার ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ। লাল-সবুজ জার্সিধারী ফুয়াদ বগুড়ার দৈনিক সকালের খবর পত্রিকার বার্তা সম্পাদক আমিনুর রহমান কোয়েলের ছোট ছেলে। বর্তমানে তিনি বিকেএসপির ৮ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে পড়াশোনা করছেন।
প্রতিভাবান এই আর্চারি খেলোয়াড় ২০২৫ সালের ৭ম জাতীয় জুনিয়র আর্চারি চ্যাম্পিয়নশিপে এককে ব্রোঞ্জ, ২০২৪ সালে নাটোরে অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে এককে সিলভার, ২০২৩ সালের ৫ম জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে দলগত ব্রোঞ্জ এবং ২০২৪ সালের ওপেন র্যাংকিংয়ে এককে স্বর্ণপদক জয় করেছেন।
ফুয়াদের বাবা আমিনুর রহমান কয়েল জানান, ফুয়াদ ছোটবেলা থেকেই তার এসব খেলার প্রতি ঝোঁক ছিল। সেইজন্য তাকে বিকেএসপিতে ভর্তি করেছিলাম। ধীরে ধীরে ফুয়াদ ভালো খেলোয়াড় হয়ে উঠেছে। এর আগেও ফুয়াদ দুটি ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। ফুয়াদ এবার দেশের গন্ডি পেরিয়ে বিদেশে খেলতে যাচ্ছে। এ খবরে খুবই ভালো লাগছে। এই বিষয়টির জন্য আমাদের পরিবার, পরিজন ও আত্মীয়-স্বজনরা সবাই আনন্দিত। সবাই ফুয়াদের জন্য দোয়া করবেন, সে যেন দেশের গৌরব বয়ে আনতে পারে।
উইনিপেগে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের ১৯তম আসরে বাংলাদেশের হয়ে অংশ নেবেন আরও অলিম্পিয়ান সাগর ইসলাম, এশিয়ান কাপ স্টেজ-২ স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া, সীমা আক্তার শিমু, কুলছুম আক্তার মনি, হিমেল ছারোয়ার, নাহিদ হাসান ও সোনালী রায়।
বাংলাদেশ দলকে প্রস্তুত করেছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ও বিকেএসপির হেড কোচ নুরে আলম। গত দুই মাস ধরে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে খেলোয়াড়রা আসরের জন্য নিজেদের ঝালিয়ে নিয়েছেন। বাংলাদেশ আর্চারি ফেডারেশন সূত্রে জানা গেছে, এবার অনূর্ধ্ব-২১ বিভাগে ৫ জন এবং অনূর্ধ্ব-১৮ বিভাগে ৪ জন আর্চার বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Leave a Reply