বগুড়াপোস্ট ডেস্ক
অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরো ৩১০ জন বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে লিবিয়া সরকার।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিশেষ ফ্লাইট। প্রত্যাবর্তনকারী ব্যক্তিদের মধ্যে কয়েকজন অসুস্থ ছিলেন, আর কেউ কেউ অপহরণের শিকার হয়ে উদ্ধার হওয়ার পর দেশে ফেরার সুযোগ পেয়েছেন।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে তিন দফায় মোট ৯২৮ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন। তাদের বেশিরভাগই দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
বাংলাদেশ দূতাবাস জানায়, আজকের চার্টার ফ্লাইটে মিসরাতা শহরের ২১১ জন এবং ত্রিপলির ৯৯ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজন নারীও রয়েছেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজিতে আরো কিছু বাংলাদেশি আটক আছেন, তাদের দ্রুত দেশে ফেরাতে কাজ করছে দূতাবাস।
দূতাবাসের তথ্যানুসারে, গত দুই বছরে লিবিয়া থেকে সাত হাজারের বেশি বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারকে সময় দেওয়া এবং স্থানীয় পর্যায়ে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন রোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply