বগুড়াপোস্ট ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) শুরু হয়েছে প্রস্তুতিমূলক কার্যক্রম। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব ভাগ করে নিতে ইতোমধ্যে গঠন করা হয়েছে পাঁচটি পৃথক কমিটি।
এই কমিটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কমিটি হলো—ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণবিষয়ক কমিটি এবং আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত কমিটি। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসি উপসচিব মো. শাহ আলমের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ কমিটি
ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ কমিটির নেতৃত্ব দেবেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২)। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপসচিব (নির্বাচন পরিচালনা-২)। প্রয়োজন হলে এই কমিটি অতিরিক্ত কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করতে পারবে।
কমিটির দায়িত্ব ও কার্যপরিধি:
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি, তদারকি এবং সংশোধন;
যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ তদারকি;
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম তদারকি ও সমন্বয়;
সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সমূহ।
আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটি
এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এই কমিটির সদস্যরা হলেন: ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, আইডিইএ প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক, যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২)। সদস্য সচিব হিসেবে দায়িত্বে থাকবেন উপসচিব (নির্বাচন পরিচালনা-২)। এ কমিটিও প্রয়োজনে অতিরিক্ত কর্মকর্তাদের কো-অপ্ট করতে পারবে।
আইন-শৃঙ্খলা কমিটির কার্যপরিধি:
নির্বাচন পরিচালনার জন্য নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ;
দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম তদারকি ও সমন্বয়;
পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, সশস্ত্র বাহিনী, আনসারসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়;
ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা;
ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পরিবহন ও বিতরণে নিরাপত্তা নিশ্চিত করা;
সম্ভাব্য সহিংসতা, সন্ত্রাস বা বিশৃঙ্খলা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ;
সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব পালন।
এই কমিটিগুলোর মাধ্যমে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও সুচারুভাবে সম্পন্ন করতে চায় বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply