বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় ও শাজাহানপুর উপজেলার খরনা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শহর যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড কমিটি সদস্য ও মালগ্রাম ছাপড়াপাড়ার আফজাল হোসেন পাইকারের ছেলে রানা পাইকার (৩০) ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম (২৮)।
মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে রানা পাইকারকে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর আলমকে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানান।
বগুড়া জেলা যুবলীগের দফতর সম্পাদক জাকারিয়া আদিল নিহত দুই জনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ মঙ্গলবার সন্ধ্যায় জানান, শহরের মালগ্রাম এলাকার নিহত রানা পাইকারের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Leave a Reply