নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রোলার স্কেটিং ইতিহাসের অন্যতম অধ্যায় আজ রচিত হলো বগুড়ার ছেলে পৃথিবী অর্জন করেছে জোড়া স্বর্ণ পদক। বগুড়ার ছেলে নবিউন ইসলাম পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন।
ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং-এর তত্ত্বাবধানে এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত “বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং ইনভাইটেশনাল প্রতিযোগিতা”-তে ৫০০ মিটার +ডি ক্যাটাগরির জুনিয়র এ গ্রুপে বাংলাদেশের প্রতিযোগী বগুড়ার ছেলে নবিউন ইসলাম পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন।
বেল্ট এন্ড রোড’ চায়না-এশিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সাত খেলোয়াড় ও তিনজন কর্মকর্তাসহ ১০ জনের একটি টিম বুধবার(৮ অক্টোবর) বিকালে চায়নার, জিংঝিয়ান রাজ্যের কারামাইয়ে পৌঁছায়। দীর্ঘ প্রায় ৭ বছর পর আন্তর্জাতিক অঙ্গনে স্কেটিং নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশি স্কেটাররা
দলে ঢাকার বাহিরের একমাত্র প্রতিযোগী হিসাবে প্রথম বারের মতো বগুড়া রোলার স্কেটিং ক্লাবের সদস্য ও করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মো. নবিউন পৃথিবী স্পিড স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গত ১০ অক্টোবর চুড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক অর্জন করে।
দেশের বাইরে এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে বগুড়ার এই উদিয়মান স্কেটার বলেন, এটি আমার জীবনের প্রথম বিদেশ সফর। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ সুযোগ ছিল। আমি জুনিয়র এ গ্রুপ থেকে ২টি ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম-৫০০ মিটার স্পিড ও ১০০০ মিটার স্প্রিন্ট রেস। এতে প্রথম স্থান অধিকার করতে পেরে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও ভালো করে দেশের গৌরব বয়ে আনতে পারি।
নবিউন ইসলাম পৃথিবী বিগত প্রায় ৮ বছর যাবত বগুড়ায় স্কেটিং করছে। তিনি বগুড়া রোলার স্কেটিং কাবের ১নং সদস্য এবং বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিতের বড় ছেলে। ইতিমধ্যেই সে স্পিড স্কেটিংয়ে বিগত ২টি জাতীয় ইভেন্টে দ্বিতীয় স্থান (সিলভার মেডেল) অর্জন করতে সক্ষম হয়। এছাড়া রোপ স্কিপিংয়ে তিনি স্কুলভিত্তিক প্রতিযোগিতায় ২০২৫, চলতি বছরে বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু ম্যানেজার জামিল রহমান জানান, দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য পুরো এশিয়াজুড়ে ব্যাপক প্রশংসা ও গৌরবের জন্ম দিয়েছে। বগুড়ার ছেলে নবিউন ইসলাম পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন। পৃথিবী একে একে দুটি স্বর্ণ পদক অর্জন করেছে।
বগুড়া ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক নেতা মোমিনুর রশীদ সাইন জানান, বগুড়ার ছেলে পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের রোলার স্কেটিং ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এটি নিঃসন্দেহে দেশের রোলার স্কেটিং ইতিহাসে যা জাতির জন্য এক গর্বের মুহূর্ত।
Leave a Reply