বগুড়াপোস্ট ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চাকরি হারালেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসী তাবাসসুম ঊর্মি। লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক এই সহকারী কমিশনারকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ‘অসদাচরণমূলক’ মন্তব্য করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় তাপসীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় পরে আরো তদন্ত হয় এবং অভিযোগ পুনরায় প্রমাণিত হয়। এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি। সব বিবেচনায় তাকে ‘চাকরি হতে বরখাস্ত’ শাস্তি দেওয়া হয়েছে।
গত বছরের (২০২৪ সাল) ৬ অক্টোবর তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
এ পোস্টের পরদিনই তাকে ওএসডি এবং সাময়িক বরখাস্ত করা হয়। জানা গেছে, শহিদ আবু সাঈদ ও গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যসহ ক্ষমতাচ্যুত সরকারের পক্ষেও একাধিক পোস্ট করেছিলেন তিনি। তার বিরুদ্ধে আদালতে মামলাও চলছে।
Leave a Reply