বগুড়াপোস্ট ডেস্ক
মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, পটুয়াখালী জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনেই ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুস সামাদ ফকির (৬০), তার ছেলে হাফেজ বিল্লাল ফকির (৪০), মেয়ে আফসানা (২২) ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদার (২৮)। তবে আরেকজনের নাম জানা যায়নি। নিহতদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাওয়ার নিমতলা এলাকায় একটি অ্যাম্বুলেন্সে যত্রীবাহী বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগি বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন পিকআপ চালক লাভলু, ঢাকার দোহারের তানভীর ও বরিশালের উজিরপুরে নাজমুল। হতাহতরা সবাই পিকআপ ভ্যানের চালক ও আরোহী।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকার মা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই মিলগেট এলাকায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে গোড়াই নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী পিকআপটি দ্রুত গতিতে আসছিল। গোড়াই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় পিকআপটি। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গোড়াই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কিশোরগঞ্জ
দুই বন্ধু মোটর সাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই আনন্দ যেন বিষাদে রূপ নিল। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘটনা এটি।
বৃহস্পতিবার বিকেলে পৌরসদরের বরাটিয়া ঈদগাহের সামনে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটে।
নিহতরা হলেন পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মেদের মেজো ছেলে ও মধ্য পাকুন্দিয়া গ্রামের বাসিন্দা আনসার উদ্দিন আহম্মেদ লাম (২০) ও পৌর বিএনপির পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনের বড় ছেলে ও বীর পাকুন্দিয়া গ্রামের বাসিন্দা হাসিবুল হাসান শোভন (১৯)।
আনসার উদ্দিন আহম্মেদ লাম ঢাকা কলেজে এবং হাসিবুল হাসান শোভন পাকুন্দিয়া সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেন। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলো। তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোক বইছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগরে ইজিবাইকে পাট বোঝাই ট্রাকের ধাক্কায় একই পরিবারের একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের সাথী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুশিয়ার রহমান মণ্ডল (৭৫) জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের মসজিদ পাড়ার মৃত এরাদ আলী মণ্ডলের ছেলে।
আহতরা হলেন ফুশিয়ার রহমানের বড় মেয়ে কোটচাঁদপুর উপজেলার এলাংগী গ্রামের ফজের আলীর স্ত্রী শান্তহার (৫০), কালীগঞ্জ উপজেলার সাতমাইল গ্রামের বাবলু মিয়ার স্ত্রী সোনাহারা (৪৫), কোটচাঁদপুর পৌরসভার মাদরাসা পাড়ার আব্দুল জব্বারের স্ত্রী লিমা খাতুন (৩০) ও তার ছেলে নিরব হোসেন (১০)।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর শোনামাত্র সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘাতক ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইক চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মতিয়ারের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর মোটরসাইকেল চালক হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত রোজিনা খাতুন কার্পাসডাঙ্গা গ্রামের মুচিরবটতলার ফল ব্যবসায়ী সামসুল আলীর স্ত্রী।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ নাইমুল বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই রোজিনা খাতুনের মৃত্যু হয়েছে।
পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বোনের মেয়েকে মাদরাসার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় খালার মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার (৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পূর্ব টিয়াখালী এলাকায় কেরাতুল কোরান মাদ্রাসার সামনের সড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
মারিয়া আক্তার (১০) ওই ইউপির মোজাম্মেল মৃধার মেয়ে।
কলাপাড়া থানার ওসি জুয়েল আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply