কুড়িগ্রাম প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতা-কর্মীদের।
তিনি বলেন, ‘আমরা সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করব। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেননা আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেকোন মূল্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা জনসমর্থনবিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে। তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে।’
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে, তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতা-কর্মীদের প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন।
তার আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের দাদা মোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে কর্মশালা উদ্বোধন করেন।
কর্মশালা উদ্বোধনকালে দুদু বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধ করে প্রেসনোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে।’
‘আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।’
শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘৩১ দফা বিএনপির একার না। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সে প্রসঙ্গ ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।’
প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিন প্রমুখ।
কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।
উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা বিএনপির নেতারা।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply