নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৫৭জন পরীক্ষার্থী। এদের মধ্যে এসএসসি( সাধারণ) ২৩৬জন, দাখিলে ১৬১জন এবং এসএসসি( ভোক. ও দাখিল ভোক.) ৬০জন। বৃহস্পতিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) আরাফাত হোসেন।
জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান, প্রথমদিনে ৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ৪৫৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া প্রথমদিনের পরীক্ষায় কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।
এ বছর বগুড়ায় ৭৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৩ হাজার ৫৮৯ জন। এর মধ্যে এসএসসিতে ৩৩ হাজার ২৬৫ জন, দাখিলে ৭ হাজার ২৩০ জন এবং ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ হাজার ৯৪ জন শিক্ষার্থী। গত বছর ৮০টি কেন্দ্রে ৪৫ হাজার ৪৬৮জন পরীক্ষায় অংশ নিয়েছিল। গত বছরের তুলনায় এবার এক হাজার ৮৭৯জন পরীক্ষার্থী কমেছে।
এসএসসিতে ৪১টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৭ হাজার ৫২৮ জন ছাত্র ও ১৫ হাজার ৭৩৭ জন ছাত্রী। দাখিল পরীক্ষা ১৯টি কেন্দ্রে—৩ হাজার ৭২৬ জন ছাত্র ও ৩ হাজার ৫০৪ জন ছাত্রী অংশ নিচ্ছেন। আর ভোকেশনাল পরীক্ষা হবে ১৭টি কেন্দ্রে, যেখানে ছাত্র ২ হাজার ২৭৮ জন এবং ছাত্রী ৮১৬ জন।
নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার। পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন এলাকায় ফটোকপি মেশিনও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। গুজব, প্রশ্নফাঁস বা অসদুপায় অবলম্বন করলে কঠোর শাস্তির কথা বলা হয়েছে শিক্ষা বোর্ডগুলোর জারি করা নির্দেশনায়। প্রয়োজনে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এবং ২০২৫ সালের পরীক্ষানীতিমালার আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আগে থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভিজিলেন্স টিম গঠন করে সার্বিক মনিটরিং করা হয়েছিল। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ ছিল।
Leave a Reply